চন্দ্রদ্বীপ ডেস্ক: সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে পানির অভাব। নিকটবর্তী ভোলা নদীতে ভাটা থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে, ফলে আগুনে পানি ছিটানো সম্ভব হচ্ছে না।
সোমবার (২৪ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত পানির অভাবে ফায়ার সার্ভিসকে অপেক্ষা করতে হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভোলা নদীতে জোয়ার আসতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা আগুনের বিস্তার রোধে ফায়ার লাইন কাটার কাজ চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু বক্কর জামান জানান, আগুন নেভানোর জন্য প্রচুর পানি দরকার, কিন্তু নদীতে ভাটা থাকায় এখন তা সম্ভব হচ্ছে না। জোয়ার এলেই পাম্প চালু করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।





