জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সাসটেইনেবল প্লাস্টিক ব্যবহারে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কার্বন নিরপেক্ষ ও শূন্য-কার্বন উন্নয়নের পথে বিশ্বকে একযোগে এগিয়ে যেতে হবে।
দক্ষিণ কোরিয়ার জেজু প্রদেশে আয়োজিত ‘সার্কুলার ইকোনমির পথে উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল আলোচনা ও বিশ্ব পরিবেশ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, “বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এবং ইতোমধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক নিয়ন্ত্রণ ও বন সংরক্ষণে বিভিন্ন কার্যকর প্রকল্প গ্রহণ করেছে।”
আলোচনার ফাঁকে উপদেষ্টা দ্বিপাক্ষিক বৈঠক করেন জেজু প্রদেশের গভর্নর ও দক্ষিণ কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে। বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, বন পুনর্বাসন এবং বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ অংশীদারত্বের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কোরিয়ার পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিবেশগত সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ৩ থেকে ৬ জুন ২০২৫ পর্যন্ত সরকারি সফরে দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে উপদেষ্টা ‘গ্রিন ট্রানজিশন ইনিশিয়েটিভ (GTI)’-এর সাধারণ অধিবেশন ও প্লাস্টিক নীতি বিষয়ক সেমিনারে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শতিল, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী এবং এনডিসির প্রতিনিধিরা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /





