শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে হজ পালনের উদ্দেশ্যে দেশত্যাগের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আব্দুল আউয়াল সরদার সরকার পতনের পর ৫ আগস্ট থেকে গা ঢাকা দেন। এরপর বৃহস্পতিবার রাত ১২টার দিকে সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
শুক্রবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে গোসাইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে গোসাইরহাট থানা পুলিশ তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শরীয়তপুর জেলা কারাগারে প্রেরণ করে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম জানান, “আব্দুল আউয়াল সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।”





