কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি।
শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কানাডার রাজধানী অটোয়ার রিডো হলে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের সরাসরি সম্প্রচারে এই তথ্য নিশ্চিত করেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে মার্ক কার্নি‘র সাথে তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।
এর আগে, গত ১০ মার্চ, মার্ক কার্নি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন এবং সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রিত্ব গ্রহণের দায়িত্ব পান, যা আজ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন তিনি।
এদিকে, মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হওয়ার পরই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ নিয়ে কথা বলেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প‘র আরোপিত ২৫ শতাংশ শুল্ককে কানাডার জন্য ‘সবচেয়ে বড় সংকট’ হিসেবে উল্লেখ করেছেন।
মার্ক কার্নি বলেন, “আমরা এই (বাণিজ্য) লড়াই চাইনি। কিন্তু কানাডিয়ানরা সবসময় প্রস্তুত থাকে যখন কেউ তার হাতের গ্লাভস ফেলে দেয়। হকি খেলার মতো বাণিজ্য লড়াইয়েও কানাডা জিতবে।”
এছাড়া, ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করলেও, মার্ক কার্নি এই মন্তব্যের জবাব কিছুটা ঘুরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “আমেরিকা কানাডা নয়। এবং কানাডা কখনো, কোনোদিন কোনোভাবে আমেরিকার অংশ হবে না।”
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





