“শক্তি নয়, সেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চাই: ড. শফিকুল ইসলাম মাসুদ”

Views: 68

বাউফল পৌর শহরের কাগুজিপুল এলাকায় উদ্বোধন হলো ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টারের। শুক্রবার সকাল ৮টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মানুষকে ভালোবাসা ও সেবা করার মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। তিনি উল্লেখ করেন— যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না।

ড. মাসুদ জানান, ইবনে সিনা কর্তৃপক্ষের সহযোগিতায় বাউফলে এ স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। এটি কোনো ব্যক্তি বা দলের নয়, বরং পুরো এলাকার মানুষের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ইবনে সিনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, এ সেবা কেন্দ্র রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে মানুষের পাশে দাঁড়াবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ড. মাসুদ বলেন, বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। তিনি দাবি করেন, ছাত্র-জনতার বিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ইতিহাস সাক্ষ্য দেয়, শক্তি প্রয়োগ করে কখনও জনগণকে দমন করা যায় না। তিনি উদাহরণ টেনে বলেন, ফেরাউনও শক্তি দিয়ে জয়ী হতে পারেনি। তাই ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদের চিন্তা করলে জনগণের শক্তির কাছে তাকে পরাজিত হতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে জনগণের উৎসবে পরিণত করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। শুধু মুখে ঈদের মতো পরিবেশ বললেই হবে না, আগে রোজার মতো সংযমী পরিবেশ তৈরি করতে হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, নির্বাচন যেন সত্যিকার অর্থে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।

ড. মাসুদ বাউফলের মানুষের উদ্দেশে বলেন, শক্তি প্রদর্শনের মাধ্যমে কখনও হৃদয় জয় করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, যারা শক্তি প্রয়োগ করবে, আমরা তা কোলাকুলির মাধ্যমে মোকাবিলা করব; তারা বিদ্রুপ করবে, আমরা হাসি দিয়ে জবাব দেব। তিনি স্পষ্ট করে বলেন— “আমরা শক্তি দিয়ে কাউকে হারাতে চাই না, সেবার মাধ্যমে মানুষের মন জয় করতে চাই।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া। এ সময় ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা, ইবনে সিনা হাসপাতালের ডেপুটি সেলস ম্যানেজার মো. রুকন উদ্দিন, রিজিওনাল সেলস ম্যানেজার বঙ্কিম চন্দ্র, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, মৃৎশিল্প ব্যবসায়ী বরুণ পাল, মাওলানা সেলিমুর রহমান, অ্যাডভোকেট আবুল কাসেমসহ অনেকে উপস্থিত ছিলেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Posted on: September 12, 2025 | Author: Chandradip News24