রাঙ্গাবালীতে ভোক্তা ঠকানোর অভিযোগে ৯ জনকে অর্থদণ্ড

Views: 53

পটুয়াখালী প্রতিনিধি :: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়ে অভিযান চালিয়েছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টায় উপজেলা সদরের বাহেরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান এবং নৌবাহিনীর রাঙ্গাবালীতে দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার মহসিন কবির মৃধার নেতৃত্বে এ অভিযান করা হয়।

অভিযানকালে খুচরা বাজারে মাছের অতিরিক্ত দাম রাখা এবং পরিমাপে কম দিয়ে ভোক্তা ঠকানোর অভিযোগের সত্যতা পাওয়ায় ৮ জন মাছ ব্যবসায়ীসহ ৯ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক তাদের এ জরিমানা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘মধ্যস্বত্বভোগীদের একটি সিন্ডিকেট জেলেদের কাছ থেকে কম টাকায় মাছ ক্রয় করে ভোক্তাদের কাছে বাড়তি দামে বিক্রি করতো। এতে ভোক্তারা বঞ্চিত হয়েছেন। এই সিন্ডিকেটর বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।’

তিনি আরও বলেন, গোশতের দোকানেও বেশি দামে মাংস বিক্রির অভিযোগ ছিল। মাছ-গোশতের দোকানে পাল্লা-বাঠখারায় ক্রুটি রয়েছে। এর মাধ্যমে ভোক্তাকে ওজনে কম দেয়া হতো। ওই সব জব্দ করা হয়েছে। সকলকে বলা হয়েছে সঠিক পরিমাপে মাছ-গোশত বিক্রি করতে। কোনো সিন্ডিকেটের মাধ্যমে ক্রয়-বিক্রয় করা যাবে না।

image_pdfimage_print

Posted on: September 19, 2024 | Author: Chandradip News24