পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক মৃধাকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মজিদবাড়িয়া ইউনিয়নের চালতাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ জানিয়েছেন, গ্রেপ্তারের পর আজ শনিবার দুপুরে খালেক মৃধাকে আদালতে পাঠানো হয়েছে।
গত ১ সেপ্টেম্বর মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নসা মিয়া ২২ জনকে আসামি করে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজি মামলা করেন। আদালতের নির্দেশে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার গ্রহণ করেন। মামলায় অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হলেও, খালেক মৃধাকে অজ্ঞাত হিসেবে দেখিয়ে গ্রেপ্তার করা হয়।





