মাসুদরা কখনো ভালো হয় না: তমা মির্জা

Views: 24

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কাজের স্বীকৃতি পেতে কিছুটা সময় লেগে গেলেও তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং আরো ভালো কাজের আশায় রয়েছেন।

তমা বলেন, “ভালো কাজের স্বীকৃতি অনেকের কাছে দেরিতে আসে। আমি হয়তো অনেক আগে না পেয়ে দেরিতে পেয়েছি, তবুও আলহামদুলিল্লাহ্। আমার জন্য সবাই দোয়া করবেন। খুব শিগগিরই আমার পরবর্তী ছবির ঘোষণা আসবে।” তিনি আরও জানান, তার পরবর্তী সিনেমাটি দর্শকরা উপভোগ করবেন।

বিয়ের বিষয়ে তমা স্পষ্ট করে বলেন, “এখনো কোনো বিয়ের পরিকল্পনা নেই। আমি আমার কাজের প্রতি বেশি গুরুত্ব দিতে চাই। জন্ম, মৃত্যু, বিয়ের সময় আল্লাহই ঠিক করেন। তাই তাড়াহুড়ো নেই।”

সম্প্রতি আলোচিত ‘সুড়ঙ্গ’ সিনেমার সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’ নিয়ে তমা বলেন, “আমরা ‘সুড়ঙ্গ টুর’ একটা আভাস পেয়েছি। হয়তো শিগগিরই আসবে। তবে আমার সাথে প্রোডাকশন হাউজ বা পরিচালকের এখনো কোনো আলোচনা হয়নি। আলোচনা হলে সবাই জানবে।”

তমা তার অভিনীত চরিত্র ময়না এবং আফরান নিশোর চরিত্র মাসুদকে বাস্তব জীবনের প্রতিচ্ছবি হিসেবে বর্ণনা করে বলেন, “আমি সব সময় বলি, মাসুদরা কখনো ভালো হয় না, ময়নারাও ভালো নয়। সমাজের অনেক জায়গায় এই ধরনের মানুষ থাকে। ময়না যেমন লোভী, মাসুদও ছিল বিশ্বাসঘাতক। সে বউকে ভালোবাসতো কিন্তু পরে ধোঁকা পেয়ে রিভেঞ্জ নেয়। এমন মানুষ আমাদের সমাজে প্রচুর।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: August 4, 2025 | Author: Chandradip News24