মালয়েশিয়ার শ্রমবাজারে ফিরছে বাংলাদেশ, জানালেন আসিফ নজরুল

Views: 30

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার ফের খুলছে—এমন আশার খবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাসিফউদ্দিন নাসিটিওনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ সম্ভাবনার কথা জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওই বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ থেকে শর্তহীন ও কম খরচে শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা করেন। বৈঠকের পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, “গত বছরের শেষ সময়ে যেসব শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি, তাদের যাওয়ার পথ এখন খুলে যাচ্ছে।”

তিনি বলেন, “প্রায় ১৭ হাজার শ্রমিকের মধ্যে প্রথম ব্যাচের ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া সরকার। খুব শিগগিরই তারা দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।”

আসিফ নজরুল আরও জানান, “বিভিন্ন সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ নতুন বিদেশি শ্রমিক নেবে। মানবসম্পদ মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন—এই নিয়োগে বাংলাদেশিদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

এই ইতিবাচক অগ্রগতি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /


 

image_pdfimage_print

Posted on: May 15, 2025 | Author: Chandradip News24