মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত ধরপাকড় অভিযানে ৮৫ বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছেন।
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, মালয়েশিয়ার ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের অন্তত ৫৯৮ অভিবাসীকে গ্রেফতার করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফ্রি এমবোক তাহা এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের শুরু হয় ভোর সাড়ে ৫ টায়, যখন ৬৩০ সন্দেহভাজন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের মধ্যে ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে।
গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন নিজেদের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনার (ইউএনএইসসিআর) কার্ডধারী বলে দাবি করেছেন। তবে মালয়েশিয়ার কর্মকর্তারা জানান, তারা গ্রেফতার এড়ানোর জন্য এই দাবি করেছেন।
মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামা জানায়, গ্রেফতার হওয়া ৫৯৮ অভিবাসীর মধ্যে ৫৩০ জন মিয়ানমারের, ৮৫ জন বাংলাদেশি, ৭ জন ইন্দোনেশিয়ার, ৫ জন ভারতের এবং ১ জন নেপালের নাগরিক। তাদের বিরুদ্ধে বৈধ নথিপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, ভিসার শর্ত লঙ্ঘন, ভুয়া পরিচয়পত্র ব্যবহার এবং অন্যান্য অভিবাসন আইনের শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃতদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের জন্য।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





