প্রয়াত পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের প্রতি তার ভক্তদের ভালোবাসা কখনোই কমেনি, বরং সময়ের সঙ্গে তা আরও গভীর হয়েছে। আর এই ভালোবাসাই যেন বারবার নতুন রেকর্ড তৈরি করে। এমনই এক নজির গড়েছে তাঁর ব্যবহৃত পুরোনো এক জোড়া মোজা, যা সম্প্রতি ফ্রান্সে নিলামে বিক্রি হয়েছে প্রায় ৮ হাজার মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ টাকা।
মোজাটির মূল্য প্রথমে ৩,৪০০ থেকে ৪,৫০০ ডলারের মধ্যে উঠতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু নিলাম শুরুর পর তা ভক্তদের আগ্রহে ও ভালোবাসায় ছাড়িয়ে যায় প্রত্যাশা।
১৯৯৭ সালে মাইকেল জ্যাকসনের ‘হিস্ট্রি ওয়ার্ল্ড ট্যুর’-এর ফ্রান্সের একটি কনসার্টে পারফর্ম করার সময় এই মোজাটি তিনি পরেছিলেন। অনুষ্ঠানের শেষে তার ড্রেসিং রুমের বাইরে মোজাটি পড়ে থাকতে দেখে এক ব্যক্তি তা তুলে নেন এবং পরবর্তী ২৮ বছর সেটিকে অত্যন্ত যত্নে সংরক্ষণ করে রাখেন।
সেই ব্যক্তি কিছুদিন আগে সিদ্ধান্ত নেন এই মোজাটি নিলামে তোলার। ফ্রান্সের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান অরোর ইলি-এর আয়োজনে মোজাটি নিলামে ওঠে। নিলামকারীদের একজন জানান, মোজাটির কিছু অংশে হলদে দাগ দেখা দেয়ায়, নষ্ট হয়ে যাওয়ার আগেই এটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
যিনি মোজাটি কিনেছেন, তিনি জানিয়েছেন এটি মাইকেল জ্যাকসনের একটি মূল্যবান স্মৃতিচিহ্ন হিসেবে ভক্তদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করবেন।
পপ সংগীতের ইতিহাসে মাইকেল জ্যাকসনের অবদান অতুলনীয়। তাই তার ব্যবহৃত যে কোনও জিনিসই ভক্তদের কাছে শুধু স্মৃতিচিহ্ন নয়, বরং ভালোবাসার এক শক্তিশালী প্রতীক।





