ভোলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন। বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে এই বাস চলাচল বন্ধ করা হয়। এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে চরফ্যাশনে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৩-৪ জন লোক আহত হন।
এদিকে, সন্ধ্যা থেকে ভোলা-চরফ্যাশন রুটে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে, বাস শ্রমিকরা ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিল করেছে। তবে বাসস্ট্যান্ডে পুলিশ ও র্যাব সদস্যরা মোতায়েন রয়েছেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম





