ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

Views: 36

ভোলার দৌলতখান উপজেলায় সময় টেলিভিশনের প্রতিনিধি নাসির উদ্দিন (লিটন) ও ক্যামেরাপারসন উৎপল দেবনাথের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হলেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল কাজী। এ ঘটনায় শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সন্ধ্যায় দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, দুপুর তিনটার দিকে সাংবাদিক নাসির উদ্দিন ও উৎপল দেবনাথ ভবানীপুর এলাকায় গরু বিতরণ কার্যক্রমের তথ্য সংগ্রহে গেলে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের গালিগালাজ শুরু করেন। পরে উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় এবং ক্যামেরা ভাঙচুর করা হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করা হয়েছে।

সাংবাদিক নাসির উদ্দিন অভিযোগ করে জানান, তিনি জেলেদের মাঝে গরু বিতরণের ওপর প্রতিবেদন তৈরির জন্য রাসেল কাজীর বাড়িতে প্রবেশ করেছিলেন। ওই বাড়ির দুজন গরু পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। কিন্তু বাড়িতে প্রবেশ করতেই রাসেল কাজী তাদের ওপর হামলা করেন, ক্যামেরা ভেঙে ফেলেন এবং প্রায় ২০ মিনিট ধরে ক্যামেরা ও মোবাইলসহ সরঞ্জাম বাজেয়াপ্ত করে আটকে রাখেন। পরে স্থানীয় এক ব্যক্তির মধ্যস্থতায় তারা ছাড়া পান।

এ প্রসঙ্গে অভিযুক্ত বিএনপি নেতা রাসেল কাজীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 23, 2025 | Author: Chandradip News24