ভোলায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক

Views: 21

বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভোলায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক উঠান বৈঠক। নারীর অধিকার, শিক্ষা ও আত্মনির্ভরতার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন স্থানীয় নারী উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন তথ্য আপা (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নিলা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভোলা সদর তথ্যসেবা কর্মকর্তা আফনান হক।

প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নিলা বলেন, ‘তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে দেশের প্রান্তিক নারীদের উন্নয়নে কাজ করা হচ্ছে। স্বাস্থ্য শিক্ষা, জেন্ডার সমতা, আয়ের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়নসহ ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, উঠান বৈঠকের মাধ্যমে নারীদের বাল্যবিবাহ ও সহিংসতার ঝুঁকি সম্পর্কে সচেতন করা হচ্ছে, যাতে তারা নিজেরা আত্মনির্ভর হয়ে সমাজে নেতৃত্ব দিতে পারেন।

সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। সরকারি নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম “লাল-সবুজ ডট কম”-এর মাধ্যমে দেশজুড়ে নারী উদ্যোক্তাদের কার্যক্রমকে ডিজিটালভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা দেশের বিভিন্ন অঞ্চলে ৭টি ডে-কেয়ার সেন্টার নিয়ে কাজ করছি, যাতে নারীরা ঘরে-বাইরে সমানভাবে এগিয়ে যেতে পারেন।’

অনুষ্ঠানে ভোলা সদরের শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

image_pdfimage_print

Posted on: October 16, 2025 | Author: Chandradip News24