বাংলাদেশের রাস্তায় নেচে ভাইরাল হওয়া জার্মান কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন ভারতে গিয়ে পুলিশের জালে পড়েছেন। সম্প্রতি ব্যাঙ্গালুরুর চার্চ স্ট্রিটে পারফর্ম করার সময় অতিরিক্ত ভিড় জমে গেলে পুলিশ তাকে আটক করে। একই দিনে আরেক জার্মান ইনফ্লুয়েন্সার ইউনেস জারুকেও একই কারণে আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩০ জুলাই ব্যাঙ্গালুরুতে পারফর্ম করার সময় নোয়েল এবং ইউনেস জনসমাগমের মাধ্যমে জনস্বার্থে বিঘ্ন ঘটান বলে অভিযোগ ওঠে। এরপর পুলিশ কিছু সময়ের জন্য তাদের হেফাজতে নেয়। ইনস্টাগ্রামে ১.১ কোটির বেশি ফলোয়ার রয়েছে নোয়েলের, আর ইউনেসের অনুসারী ২ কোটিরও বেশি।
নোয়েল মূলত রাস্তায় আকস্মিক পারফরম্যান্স ও চমকপ্রদ নৃত্যদক্ষতার জন্য পরিচিত। তিনি তাঁর স্ট্রিট ডান্স এবং ‘অ্যাফ্রো হেয়ার’ দিয়ে দর্শকদের চমকে দিতে পছন্দ করেন। তবে এদিন তার পারফরম্যান্স এতটাই জনাকর্ষণ সৃষ্টি করে যে পুলিশ বাধ্য হয়ে হস্তক্ষেপ করে।
পরবর্তীতে ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় নোয়েল বলেন, “মাত্র ১৫ মিনিট আটক ছিলাম। ২ ডলার (প্রায় ১৬০ টাকা) জরিমানা দিয়ে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণের জন্য ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল জেলে পাঠাবে। তবে এখন আমি নিরাপদ, আর আমি ভারতকে ভালোবাসি!”

এর আগেও মুম্বাইয়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে রাস্তায় নাচ করে ভাইরাল হয়েছিলেন নোয়েল। ভারত সফরের আগে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং ঢাকার সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লা, গুলশানসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন ও নাচ করেছেন।
ঢাকায় তার নৃত্যে অংশ নেন জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি শেখ, এবং সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গেও তাকে আড্ডা দিতে দেখা যায়। নোয়েলের বাংলাদেশ সফরের ভিডিওগুলো সেসময় ভাইরাল হয় ইনস্টাগ্রাম ও ফেসবুকে।
এদিকে ব্যাঙ্গালুরুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া জনসমাগম তৈরি করে ভিডিও করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





