বরিশাল নগরীতে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সভা করেছেন। কর্মসূচির মাধ্যমে তারা দাবি করেন, নগরের প্রধান প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধ করা হোক।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, সদর রোড, লাইন রোড, কাকলি রোড, চক বাজার রোড, গিয়ারখালী রোডসহ বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশার আধিপত্য দিন দিন বেড়ে চলেছে। এর ফলে প্যাডেল রিকশা শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন এবং তাদের আয়ের পথ সংকুচিত হচ্ছে। এছাড়া নগরীতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে।
মানববন্ধন ও বিক্ষোভে শ্রমিকরা বলেন, ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ থাকলেও কিছু প্রভাবশালী মহলের যোগসাজশে তা শহরের সড়কে চলছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ না দেওয়া পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করা আবশ্যক।
মানববন্ধনের শেষে শ্রমিকরা বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে আবেদন করেও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় তারা রাস্তায় নেমেছেন। বক্তারা হুঁশিয়ারি দেন, যদি অবিলম্বে দাবি পূরণ না করা হয়, তবে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





