কাশিমপুর কারাগার-২-এ বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
সোমবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি খণ্ডন করে জানায়—বিচারপতি মানিক সুস্থ আছেন এবং বর্তমানে কাশিমপুর কারাগার-২ এ রয়েছেন।
এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে জানান, “বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এখনও জীবিত এবং সুস্থ আছেন। মৃত্যুর যে খবরটি ছড়ানো হয়েছে, সেটি মিথ্যা।”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন শামসুদ্দিন চৌধুরী মানিক। বিজিবির হাতে আটক হওয়ার পর পরদিন ভোরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তখন থেকেই তিনি কারাবন্দি।
সাবেক এই বিচারপতির মৃত্যু সংক্রান্ত গুজব প্রসঙ্গে কারা কর্তৃপক্ষ জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে এবং কোনো তথ্য যাচাই না করে তা শেয়ার না করার আহ্বান জানিয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /





