বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকায় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে চারটি গ্রামের সঙ্গে বরিশাল শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে দক্ষিণ লামছড়ি এলাকার খালের উপর নির্মিত ব্রিজে একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে ব্রিজটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়। এ ঘটনায় দক্ষিণ লামছড়ি, চরবাড়িয়া, কাজীরচর ও হরিনাথপুর গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে।
লামছড়ি এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, “ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আমাদের সন্তানরা বিদ্যালয়ে যেতে পারছে না। এই ব্রিজ ছাড়া আর কোনো বিকল্প পথ নেই।”
স্থানীয় ইউপি সদস্য মো. আল-মামুন জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু কাটা এবং রাতের আঁধারে বাল্কহেডে করে বালু পরিবহন হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে একটি বাল্কহেড ব্রিজে ধাক্কা দিলে সেটি খালের মধ্যে পড়ে যায়। ফলে চারটি গ্রামের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে গেছে।
তিনি আরও জানান, বিষয়টি সদর উপজেলার প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। প্রকৌশলী আশ্বাস দিয়েছেন—খুব দ্রুত অস্থায়ীভাবে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হবে। পরবর্তীতে সরকারি বরাদ্দ মিললে নতুন করে ব্রিজ নির্মাণ করা হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





