বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৭ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান সামিয়ার (১৪)। কিশোরীটির কোনো খোঁজ না পাওয়ায় পরিবারসহ স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের বাসিন্দা মো. মজিবুর হাওলাদারের মেয়ে নুসরাত জাহান সামিয়া গত ২৬ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের পরদিন পরিবারের পক্ষ থেকে বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সামিয়া বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় পার হলেও মেয়ের কোনো হদিস না পাওয়ায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা উপায়ে খোঁজ চালানো হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল হক জানান, নিখোঁজ সংক্রান্ত জিডি গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে কিশোরীটির সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে নিখোঁজ সামিয়ার পরিবার তার সন্ধান পেলে বা তথ্য দিতে পারলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। কোনো তথ্য জানা থাকলে ০১৮৩৭৭-৭১০৭৪ অথবা ০১৭১৬৭৯০৩৬২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
“এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫”





