বাউফলে কুখ্যাত ভূমিদস্যু ফয়সাল পঞ্চায়েত আটক

Views: 32

পটুয়াখালীর বাউফলে দীর্ঘদিন ধরে ভূমি দখল ও নানা অনিয়মের অভিযোগে আলোচিত-সমালোচিত মো. ফয়সাল পঞ্চায়েতকে (৪৫) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পটুয়াখালী ডিসি অফিসের ক্যান্টিন এলাকা থেকে ডিবি পুলিশের এএসআই রুবেল তাকে আটক করেন। আটক ফয়সালের বাড়ি কালাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে, বাবা ইউনুস মিয়া।

স্থানীয়দের দাবি, ফয়সাল পঞ্চায়েত দীর্ঘদিন ধরে বিভিন্ন চর এলাকায় ভূমি দখলের সঙ্গে জড়িত এবং এলাকায় তিনি একজন কুখ্যাত ভূমিদস্যু হিসেবে পরিচিত। বিশেষ করে গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর আত্মগোপনে থাকলেও পরে স্থানীয় বিএনপির কয়েক নেতার আশ্রয় নিয়ে আবারও সক্রিয় হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে—তাদের হয়ে কৃষকদের বন্দোবস্তকৃত জমি জোরপূর্বক দখল করে একরপ্রতি ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি করতেন তিনি। এসব কাজে সাবেক ইউএনও আমিনুল ইসলামও আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

কালাইয়া, নাজিরপুর ও কেশবপুর ইউনিয়নের বিভিন্ন চরে ফয়সাল পঞ্চায়েতের নেতৃত্বে জমি দখলের ঘটনায় কৃষকরা বহুবার মানববন্ধন করলেও কোনো প্রতিকার মেলেনি। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ভুক্তভোগী কৃষকদের মাঝে স্বস্তি ও সন্তোষের আবহ তৈরি হয়েছে।

তবে স্থানীয় একটি প্রভাবশালী মহল তাকে ডিবি কার্যালয় থেকে ছাড়িয়ে আনার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে—বাউফল থানার এক পুলিশ কর্মকর্তা ফোনে আরেক কর্মকর্তাকে তাকে ‘বিএনপি নেতা’ পরিচয় দিয়ে ছাড়িয়ে দেওয়ার অনুরোধও করেছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসী আশা করছেন, ভূমিদস্যুতার বিরুদ্ধে এই অভিযান সঠিকভাবে পরিচালিত হলে বহু কৃষক তাদের ন্যায্য জমি ফিরে পাবেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: December 2, 2025 | Author: Chandradip News24