বাউফলের সাবেক এমপি আ স ম ফিরোজ পরিবারবর্গের বিরুদ্ধে দুদকের তিন মামলা

Views: 51

বাউফল আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা ও ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী দুদকের উপ-পরিচালক তানভীর আহমদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

দুদক সূত্রে জানা যায়, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের মোট বৈধ আয় ১৪ কোটি ৫৬ লাখ টাকার কিছু বেশি, আর ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা। হিসাব অনুযায়ী বৈধ সঞ্চয় থাকার কথা ছিল ৮ কোটি ৬৬ লাখ টাকার মতো। কিন্তু তার নামে মোট সম্পদের পরিমাণ পাওয়া যায় প্রায় ১২ কোটি টাকা, যার মধ্যে ৩ কোটি ২৯ লাখ টাকার উৎস অস্পষ্ট বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী দেলোয়ারা সুলতানার বৈধ আয় ৬৮ লাখ টাকা হলেও, ব্যয় বাদে বৈধ সঞ্চয়ের তুলনায় ১ কোটি টাকার বেশি সম্পদ অসামঞ্জস্যপূর্ণ পাওয়া গেছে।

এছাড়া, ছেলে রায়হান শাকিবের বৈধ আয় প্রায় ৪ কোটি ৪৬ লাখ টাকা হলেও তার নামে পাওয়া গেছে ৬ কোটি ৯১ লাখ টাকার সম্পদ। এর মধ্যে ৪ কোটি ২১ লাখ টাকার উৎসের সঙ্গে আয় সামঞ্জস্য মেলেনি বলে অভিযোগে বলা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, তিনজনই তাদের বৈধ আয়ের বাইরে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মামলার বাদী দুদক কর্মকর্তা তানভীর আহমদ।


আল-আমিন

image_pdfimage_print

Posted on: October 22, 2025 | Author: Chandradip News24