‘বাংলাদেশে কেউ অন্যায় করে টিকে থাকতে পারে না’- ফরিদা আখতার

Views: 42

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামীতে যদি কোনো স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে তারা আবারও রাজপথে নামবেন। তিনি বলেন, “বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যেখানে কেউ বেশিদিন অন্যায় করে টিকে থাকতে পারে না।”

বুধবার বিকেলে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে অনুষ্ঠিত “জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন–২০২৫” উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, “জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই রাষ্ট্রকে রক্ষা করা আমাদের প্রতিদিনের অঙ্গীকার হওয়া উচিত। তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “জুলাইয়ের ঐতিহাসিক আন্দোলনে তরুণ শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট কাঁধেই রচিত হয়েছে অন্যায়ের বিরুদ্ধে বৃহৎ প্রতিরোধ।”

তিনি বলেন, “এত স্বল্প সময়ে এত বড় অন্যায়, এত হতাহত — বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা এর আগে দেখা যায়নি।”

দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোকপাত করে উপদেষ্টা বলেন, “মাছ, মাংস, দুধ ও ডিম ছাড়া সুস্বাস্থ্য নিশ্চিত সম্ভব নয়। গ্রামের মায়েরা গরু-ছাগল পালন করে সন্তানের লেখাপড়ার খরচ চালাচ্ছেন, অথচ তারাই সমাজে সবচেয়ে বঞ্চিত। তাদের যথাযথ মূল্য ও মর্যাদা নিশ্চিত করতে হবে।”

ফরিদা আখতার বলেন, “নদী তীরবর্তী, হাওর-বাঁওরের জেলেরা কঠোর পরিশ্রম করে দেশের মাছের চাহিদা মেটাচ্ছেন। তাদের শ্রমের যথাযথ সম্মান দিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জিনাত ফারহানা। আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোকছেদুর রহমান আবির, কলেজের অধ্যক্ষ ড. মোস্তারি আহমেদ, ‘মায়ের ডাক’-এর যুগ্ম সমন্বয়ক মো. মুশফিকুর রহমান জোহান এবং অভিভাবক সদস্য আব্দুল মান্নান।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা ফরিদা আখতার।

image_pdfimage_print

Posted on: August 14, 2025 | Author: Chandradip News