বরিশালে জামায়াতের মানববন্ধন: ভোটের সুরক্ষায় পি আর ছাড়া বিকল্প নেই

Views: 46

বরিশাল মহানগরের জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরীর সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা দেশের ভোটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পি আর (Proportional Representation) পদ্ধতির বিকল্প নেই বলে জোরালো দাবি জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, “আমাদের দেশে ভোটের নিরাপত্তা নেই। দেশের জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠিত না হয়ে রাজনৈতিক দূর্বৃত্তায়নের মাধ্যমে অনেক শক্তি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। জনগণের ভোটের সুরক্ষা নিশ্চিত করার জন্য পি আর পদ্ধতির বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “গণভোট জাতীয় নির্বাচনের টেস্ট ম্যাচ হতে পারে। যারা জুলাই সনদের আইনি ভিত্তি মেনে নিতে পারছে না, তারা বারবার যুক্তি দেখাচ্ছে যে, জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে ভোটের প্রতি জনগণের আস্থা কমবে। তাই সরকারের প্রতি আহ্বান, নভেম্বরের মধ্যে গণভোট এবং ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করা হোক। যারা একই দিনে দুটো নির্বাচন করতে চায়, তাদের উদ্দেশ্য খারাপ।”

অধ্যক্ষ জহির উদ্দিন বাবর বলেন, “গণভোটে জুলাই সনদ পাস হয়ে গেলে জাতীয় নির্বাচনের ব্যবস্থায় পরিবর্তন আসবে। নতুন ব্যবস্থায় ভোট চুরি বা কেন্দ্র দখল করা সম্ভব হবে না। একইসাথে ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত হবে। তাই তারা নানাভাবে ষড়যন্ত্র করছে।”

মানববন্ধনের সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মদ আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন, কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

image_pdfimage_print

Posted on: October 14, 2025 | Author: Chandradip News24