অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি, আবাসন সংকট ও পর্যাপ্ত পরিবহনের দাবিতে ফের মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বুধবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল গেটসংলগ্ন বরিশাল–পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টার এ অবরোধে ওই সড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগ দেখা দেয়।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা গত ৩১ আগস্ট সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আলোচনার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সাড়া না মেলায় শিক্ষার্থীরা আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও ইউজিসির টনক নড়ছে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
আরেক শিক্ষার্থী অমিয় মন্ডল অভিযোগ করেন, “১৪ বছর পেরোলেও ববিতে শ্রেণিকক্ষ ও আবাসনের সংকট কাটেনি। ফিটনেসবিহীন গাড়িতে যাতায়াত করতে গিয়ে আমরা প্রতিদিন ঝুঁকি নিচ্ছি। অন্য বিশ্ববিদ্যালয়ে বিপুল বাজেট বরাদ্দ হলেও ববির ক্ষেত্রে তা অপ্রতুল।”
এ সময় যাত্রীদের দুর্ভোগও চরমে ওঠে। কুয়াকাটা গামী যাত্রী মোফাজ্জেল হোসেন বলেন, “আমরা ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলাম। শিক্ষার্থীরা তাদের দাবি তুলুক, কিন্তু সড়ক আটকে মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়।”
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল। পরে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





