বন্যা আতঙ্কেও স্থগিত নয় এইচএসসি, কুমিল্লা বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণে

Views: 31

টানা বর্ষণ আর উজান থেকে আসা ঢলে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। ফলে এসব অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এইচএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত পরীক্ষার সময়সূচি পরিবর্তন বা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেয়নি কুমিল্লা শিক্ষা বোর্ড।

বুধবার (৯ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, জলাবদ্ধতা ও নদ-নদীর পানি বাড়লেও পরীক্ষা কেন্দ্রগুলোতে এখনো বড় কোনো সমস্যা তৈরি হয়নি। বোর্ড সার্বক্ষণিক সংশ্লিষ্ট জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, “বিকেলের পর থেকে যদি বৃষ্টি না বাড়ে, তাহলে অনেক এলাকায় পানি দ্রুত নেমে যেতে পারে। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থার প্রয়োজন না-ও হতে পারে। তবে পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আজ সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারি।”

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের যেন কোনো দুর্ভোগে পড়তে না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নিরাপদে কেন্দ্রে পৌঁছানো এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করাই প্রধান অগ্রাধিকার।

উল্লেখ্য, চলতি সপ্তাহে কুমিল্লা অঞ্চলের কিছু শহর ও গ্রামীণ এলাকায় নদীর পানি বৃদ্ধির পাশাপাশি শহরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। যার প্রভাব পড়তে পারে আগামীকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য পরীক্ষায়।

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে শুরু হয়েছে ২৬ জুন সকাল ১০টা থেকে। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী। লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 

image_pdfimage_print

Posted on: July 9, 2025 | Author: Chandradip News24