পুলিশ জনগণের, কোনো দলের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Views: 65

বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে পুলিশ—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশ রাষ্ট্র কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য নয়, এটি সব নাগরিকের। পুলিশও সেই নীতিতে বিশ্বাসী।”

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সমাপনী কুচকাওয়াজে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, বরং তারা জনগণের স্বার্থে আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে।” রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “আজ আপনাদের এক বছরব্যাপী মৌলিক প্রশিক্ষণের শেষ দিন। এখন থেকে আপনারা মেধাবী, চৌকস ও সুপ্রশিক্ষিত পুলিশ অফিসার হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। জনগণের জান-মালের নিরাপত্তায় আপনারা আন্তরিকতার সঙ্গে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা।”

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “জনগণ থানায় এসে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পুলিশ বাহিনীর গৌরব ধরে রাখতে জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আইনের ভিত্তিতে সকলকে সেবা দিতে পুলিশকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নবীন কর্মকর্তাদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: February 23, 2025 | Author: Chandradip News24