পুলিশের সামনেই বরিশালে সাবেক দলনেতা খুন, আহত পরিবারের ৩ সদস্য

Views: 30

বরিশালের সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ি এলাকায় পুলিশের উপস্থিতিতেই সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা লিটন সিকদার লিটুকে ছিনিয়ে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে ঘটে এই ভয়াবহ হত্যাকাণ্ড।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে লিটনের শরীরে উপর্যুপরি কোপ দেয়। এক পর্যায়ে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে তুললেও সেখান থেকে আবার ছিনিয়ে নিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহত লিটনের ছোট ভাই সুমন, বোন মুন্নি ও বৃদ্ধা মা গুরুতর আহত হন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিহতের পরিবারের অভিযোগ, লিটনের বোন মুন্নির স্বামী জাকির হোসেন গোপনে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরতেই পরিকল্পিতভাবে এই হামলার শিকার হন লিটন।

অন্যদিকে এলাকাবাসীর একাংশ বলছে, লিটন সিকদার বিভিন্ন সময় চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি এবং সামাজিক অপরাধে জড়িয়ে পড়েছিলেন। সম্প্রতি ভগ্নিপতিকে বিদ্যুৎ শক দেওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. রিয়াদ হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পুরো এলাকার পরিস্থিতির ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 1, 2025 | Author: Chandradip News24