পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারী) বার্তাসংস্থা এএফপির মাধ্যমে পুলিশের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে সন্ত্রাসীরা ৭০-৮০ জনের একটি দল নিয়ে ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে হামলা চালায়। হামলায় নিহত সেনাদের মধ্যে ১৭ জন গাড়িতে ছিলেন এবং তাদের বাঁচাতে যাওয়া আরও এক সেনা প্রাণ হারান।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই হামলায় নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট তার প্রেস বিজ্ঞপ্তিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। তিনি নিহত সেনাদের পরিবারের জন্য ধৈর্য ধারণের প্রার্থনাও করেছেন।
এ ঘটনার পর এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৮ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং তারা জানান, বেলুচিস্তানে পৃথক অভিযানে ২৩ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





