পবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ৭ শিক্ষার্থী বহিষ্কার

Views: 36

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আসাদুল হককে আহ্বায়ক এবং প্রক্টর প্রফেসর আবুল বাশার খানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রফেসর ড. মাসুদুর রহমান, প্রফেসর ড. শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন এবং সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। তদন্ত কমিটির প্রধান প্রফেসর ড. আসাদুল হক জানান, “কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা চলছে।”

র‌্যাগিংয়ের ঘটনায় প্রাথমিকভাবে চিহ্নিত ৭ শিক্ষার্থীকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন:
১. জিহাদ হাসান জীম
২. সুপেল চাকমা
৩. জুনাইদ হোসাইন
৪. সৌরভ সরকার শাওন
৫. প্রিতম কারন
৬. তানভিরুল ইসলাম সিয়াম

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, “প্রাথমিকভাবে ৭ জনকে চিহ্নিত করে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গত শনিবার রাতে পবিপ্রবি’র এম কেরামত আলী হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রায় ২০-২৫ জন শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হন। তাদের মধ্যে ৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Posted on: November 25, 2024 | Author: Chandradip News24