পবিপ্রবিতে উৎসবমুখর আন্তঃসৃজনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Views: 38

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আন্তঃসৃজনী বিজ্ঞান মেলা। সোমবার সকাল থেকে সৃজনীবিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণজুড়ে ক্ষুদে বিজ্ঞানীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়— ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা একটি গ্রুপে, আর নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অন্য গ্রুপে। মেলা ঘুরে দেখা যায়, ক্ষুদে বিজ্ঞানীরা বিকল্প উপায়ে প্রাকৃতিক গ্যাস উৎপাদন, রেইন ওয়াটার হারভেস্টিং, আগ্নেয়গিরির প্রকৃতি, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনসহ ১২টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে।

দর্শনার্থী, অভিভাবক এবং শিক্ষকরাও মেলা পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্যোগ ও সৃজনশীলতার প্রশংসা করেন। এ সময় শিশুদের চোখে-মুখে ছিল ভবিষ্যতের বিজ্ঞানী হয়ে ওঠার স্বপ্ন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৃজনীবিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী হতে হবে। উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। শিক্ষকদেরও ব্যবহারিক বিজ্ঞানের ওপর বেশি গুরুত্ব দিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পারভীন নাহার, সৃজনী সংসদের উপদেষ্টা শফিউল রাজিব, সাংগঠনিক সম্পাদক শামসুল হুদা রিফাত এবং সদস্য রাজিবুল ইসলাম রন্টি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সুজন মরগান

মেলার শেষে শ্রেষ্ঠ প্রকল্প উপস্থাপকদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। দিনভর উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা, কৌতূহল ও সৃজনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: October 27, 2025 | Author: Chandradip News24