পটুয়াখালীতে বরিশাল বিভাগের রোভারমেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Views: 74

পটুয়াখালী সরকারি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগের ছয় জেলার রোভার স্কাউটদের অংশগ্রহণে দিনব্যাপী রোভারমেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডবিষয়ক কর্মশালা। বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের উদ্যোগে আয়োজিত এই কর্মশালাটি শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়, যাতে অংশ নেন বরিশাল বিভাগের পটুয়াখালী, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার শতাধিক রোভার স্কাউট সদস্য।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের মধ্যে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, প্রেসিডেন্টস রোভার স্কাউট (পিআরএস) ও সমাজ উন্নয়ন (সিডি) অ্যাওয়ার্ড অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও নিয়ম-কানুন সম্পর্কে সচেতনতা তৈরি করা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো: নজরুল ইসলাম খান, এল.টি., যিনি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) এবং মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দীন। কর্মশালাটি পরিচালনা করেন ড. মো: আমিনুল ইসলাম টিটু, যিনি পটুয়াখালী জেলা রোভার স্কাউটসের সম্পাদক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার।

পুরো কর্মশালাজুড়ে স্কাউটদের দক্ষ নেতৃত্ব গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে কার্যকর যোগাযোগ কৌশল, টিম ম্যানেজমেন্ট, সমস্যা সমাধানের কৌশল, পরিকল্পনা বাস্তবায়ন ও রিপোর্ট তৈরি সংক্রান্ত নানা দিক তুলে ধরা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের জন্য আবেদন প্রক্রিয়া, মানদণ্ড ও সময়কাল সম্পর্কে বিশদ ধারণা প্রদানে।

বক্তারা বলেন, স্কাউটিং শুধু একটি আন্দোলন নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতার শিক্ষায় শিক্ষিত করার কার্যকর মাধ্যম। তারা জানান, করোনা পরিস্থিতি, দুর্যোগ ও অন্যান্য সমাজসেবামূলক কর্মকাণ্ডে স্কাউটদের অবদান অত্যন্ত গৌরবময়। তারা আশা প্রকাশ করেন, এমন কর্মশালা রোভারদের আরও দায়িত্ববান করে তুলবে এবং ভবিষ্যতের নেতৃত্বে প্রস্তুত করবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা জানান, এই কর্মশালা থেকে তারা বাস্তব জীবনের সমস্যা মোকাবিলার কৌশল ও নেতৃত্বগুণ অর্জনের বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন। তারা নিজেদের এলাকায় স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আয়োজকেরা জানান, রোভারদের নেতৃত্বগুণ বিকাশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা জোরদারে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Posted on: May 10, 2025 | Author: Chandradip News24