পটুয়াখালী প্রতিনিধি :: মির্জাগঞ্জে ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এবং পূর্ব সুবিদখালী গ্রামের হারুন রাঢ়ীর ছেলে। অভিযানে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত।
ক্যাপ্টেন নিশাত জানান, সাইফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সূত্রে তথ্য পেয়ে জানা যায়, তার বাড়িতে ইয়াবা ট্যাবলেটের চালান এসেছে। এ ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাইফুল পালানোর চেষ্টা করলেও তাকে দ্রুত আটক করা হয়। এরপর তার ঘরে তল্লাশি চালিয়ে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সাইফুলকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত সাইফুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।





