পটুয়াখালীর গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এক জনসভায় তিনি তার প্রার্থীত্ব ঘোষণা করেন এবং উপস্থিত নেতাদের সহযোগিতা কামনা করেন।
নুর বলেন, গণঅভ্যুত্থানে জনগণ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে “জাতীয় সরকার” গঠন ছাড়া বিকল্প নেই। তার মতে, জাতীয় সরকার গঠিত হলে দেশে পুনরায় রাজনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে। তিনি আরও জানান, শুধু দেশেই নয় — বিশ্বব্যাপী তার যে পরিচিতি ও যোগাযোগ রয়েছে, তা কাজে লাগিয়ে পটুয়াখালী-৩ আসনের উন্নয়নই তার মূল লক্ষ্য।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় রায় ঘোষণার পরপরই জনসভায় বক্তব্য দিতে গিয়ে নুরুল হক নুর বলেন, এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, দেশে আবারও ফ্যাসিবাদের চিহ্ন দেখা দিচ্ছে। অতীতে নির্যাতন, গুম-খুন ও দখলবাজির যে সংস্কৃতি ছিল, এখন যদি তা আবার রাজনৈতিক নেতাদের মুখোশ হয়ে ফিরে আসে, তাহলে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
নুর আশ্বস্ত করেছেন, “যত বড় নেতা হোক না কেন, দখলবাজি-জুলুম করলে জনগণ তার কাছে পাত্তা দেবে না।” আগামী নির্বাচনে তিনি চান, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এমন এক সমঝোতার নির্বাচন অনুষ্ঠিত হোক যা দেশকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে গড়াবে।
প্রার্থী হিসেবে নির্বাচিত হলে নুরুল হক নুর স্থানীয় উন্নয়নের অগ্রাধিকার হিসেবে চর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জীবনমান বাড়ানো এবং রাজনৈতিক অসন্তোষ কমানোর পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি বলেন, “আমি জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসে চর এলাকার উন্নয়ন পরিকল্পনা আনবো।”
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মিলন মিয়া। এছাড়া ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজান হাওলাদার, জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





