নানা আয়োজনে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Views: 42

 নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে ঘিরে ভোর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে পৃথক পৃথক র‌্যালি বের করা হয়। এসব র‌্যালি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

এছাড়া মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালিও অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এদিকে বিকেলে বরিশাল জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মিছিলের আয়োজন করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 1, 2025 | Author: Chandradip News24