পিরোজপুরের নাজিরপুরে নকল ব্র্যান্ডের শিশু খাবার এবং অন্যান্য খাদ্য সামগ্রী তৈরি করার সময় দুই জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ মার্চ) উপজেলার শ্রীরামকাঠী বাজার সংলগ্ন জয়নাল হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে প্রায় এক ডজন বিভিন্ন ধরনের নকল খাদ্য সামগ্রী, শিশু খাবার, চালসহ অন্যান্য পণ্য প্যাকেট করার সময় তাদের আটক করা হয়।
এসময়, ভ্রাম্যমাণ আদালত আটক দুজনকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মিরাজ হাওলাদার (৩৫) ও তার ভাই মো. রাব্বি হাওলাদার (২২), যাঁরা শ্রীরামকাঠী গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে নকল ব্র্যান্ডের খাবারের প্যাকেট, শিশু খাবার এবং অন্যান্য খাদ্য সামগ্রী পাওয়া যায়, যা বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে প্যাকেট করে বাজারে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছিল। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ এবং জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায় উপস্থিত ছিলেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





