নতুন সংবিধানে ‘জুলাই ঘোষণাপত্র’-এর সাংবিধানিক স্বীকৃতি চায় এনসিপি

Views: 43

সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘জুলাই ঘোষণাপত্র’-এর সাংবিধানিক স্বীকৃতি ও কার্যকারিতা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপের দ্বিতীয় ধাপের ১১তম অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে এ দাবি তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, “আমরা মনে করি বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সেই সংবিধানের প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘জুলাই ঘোষণাপত্র’ যুক্ত করে তা কার্যকর করতে হবে।”

জরুরি অবস্থার বিধানে সংশোধনের প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে এই বিধান ব্যবহার হয়েছে। এনসিপি চায়, মন্ত্রিসভার পরিবর্তে সর্বদলীয় সংসদীয় কমিটি বা সরাসরি সংসদের অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি যেন জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। সেই সঙ্গে মৌলিক মানবাধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, সেই নিশ্চয়তা বিধানেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

আখতার হোসেন আরও জানান, জরুরি অবস্থায় নাগরিকরা যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও আইনগত নিরাপত্তার ব্যবস্থা থাকা উচিত।

প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি নিয়েও সুস্পষ্ট মত দেয় এনসিপি। আখতার বলেন, “বাংলাদেশে অতীতে রাষ্ট্রপতি রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এনসিপি মনে করে, এই পদে নিয়োগে সুনির্দিষ্ট আইন থাকা দরকার।” তিনি জানান, এনসিপি জ্যেষ্ঠ বিচারকের ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে, যাতে দলীয় প্রভাব এড়ানো যায়।

এনসিপির এ প্রস্তাবগুলো নিয়ে সংলাপে উপস্থিত অন্য রাজনৈতিক দলগুলোরও ইতিবাচক প্রতিক্রিয়া ছিল বলে জানানো হয়েছে।

image_pdfimage_print

Posted on: July 11, 2025 | Author: Chandradip News