নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক রফিকুল আমীন

Views: 78

রাজনৈতিক অঙ্গনে যুক্ত হলো নতুন নাম—‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে এই দলের আত্মপ্রকাশ ঘটেছে। তিনি দলের আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ঘোষণাপত্র পাঠের সময় রফিকুল আমীন বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের শিকার। এই পরিস্থিতি বদলাতে হলে সবাইকে এক হতে হবে। স্বৈরাচার বিদায় করে মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের দল অগ্রণী ভূমিকা পালন করবে।”

তিনি আরও জানান, দলটি সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি দপ্তর ও আদালতে ডিজিটাল ব্যবস্থার প্রসার, শিক্ষা ও প্রশাসনে দলীয় প্রভাব হ্রাসসহ সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, “রাজনৈতিক সচেতনতা না থাকলে দেশে আবার স্বৈরাচার ফিরে আসবে। আমরা অতীতে যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছি, ভবিষ্যতেও স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াব।”

অনুষ্ঠানে ২৯৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী মানুষদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল নানা মাত্রায় সমৃদ্ধ।

মো: আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: April 17, 2025 | Author: Chandradip News24