ধর্ম পরিবর্তন করে বৃষ্টিকে বিয়ে করলেন শি জিং

Views: 25

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর চীনের যুবক শি জিং ইউ বাংলাদেশে এসে প্রেমিকা বৃষ্টি (২১) কে বিয়ে করেছেন। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন শি জিং ইউ এবং নতুন নাম রাখেন সোহান আহাম্মেদ।

বৃষ্টি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে। তিনি সম্মান প্রথম বর্ষের ছাত্রী। জানা যায়, পাঁচ মাস আগে ফেসবুকে শি জিং ইউয়ের সঙ্গে পরিচয় হয় বৃষ্টির। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

শনিবার রাত ২টার দিকে শি জিং ইউ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরদিন রবিবার সকালে কুষ্টিয়ার খাজানগরে বৃষ্টির বাড়িতে গিয়ে মুসলিম রীতিতে বিয়ে সম্পন্ন হয়। উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃষ্টি বলেন, “পাঁচ মাস আগে ফেসবুকে পরিচয় হয় এবং পরে সম্পর্ক গড়ে ওঠে। শি জিং ইউ বাংলাদেশে আসতে চাইলে আমি তাঁকে বলি আসার জন্য। এরপর সে ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। যেহেতু আমি চায়না ভাষা বুঝি না, তাই ট্রান্সলেটর অ্যাপ ব্যবহার করেছি। উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে।”

শি জিং ইউ চায়নার হেনান অঞ্চলের শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে। তার পরিবারে মা-বাবা ও তিন ভাই রয়েছে। বৃষ্টির বাবা মোতালেব মিস্ত্রি জানান, “আমরা সবাই খুশি। জামাইও চাকরি করেন, এক ভাই সেনাবাহিনীতে, এবং বাবার রেস্টুরেন্টের ব্যবসা আছে।”

বিয়ের দিন খাজানগরের মোতালেব মিস্ত্রির বাড়িতে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বৃষ্টি ও সোহান আহাম্মেদ উভয়ই তাদের নতুন জীবন শুরু করতে আনন্দিত।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 25, 2025 | Author: Chandradip News24