দেশজুড়ে অগ্নিকাণ্ডে উদ্বেগ: জনগণকে আশ্বস্ত করল অন্তর্বর্তীকালীন সরকার

Views: 49

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় জনগণের উদ্বেগের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (১৮ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিয়ে জনগণের উদ্বেগের বিষয়টি সরকার অবগত। এসব ঘটনায় নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকার জানায়, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, নাশকতা বা উস্কানির প্রমাণ পাওয়া গেলে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জনজীবন বা রাজনৈতিক প্রক্রিয়াকে অস্থিতিশীল করার কোনো প্রচেষ্টাই বরদাস্ত করা হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, যদি এসব অগ্নিকাণ্ডের পেছনে উদ্দেশ্য থাকে ভয় সৃষ্টি বা বিভাজন ঘটানো, তবে তারা সফল হবে কেবল তখনই, যখন জনগণ নিজেরাই ভয়কে বিবেক ও ঐক্যের চেয়ে বেশি গুরুত্ব দেবে।

অন্তর্বর্তীকালীন সরকার আশা প্রকাশ করে যে, বাংলাদেশের জনগণ অতীতের মতোই ঐক্য, ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে যেকোনো সংকট মোকাবিলা করবে। বিবৃতিতে শেষে বলা হয়, “আমাদের ভয় পাওয়ার কিছু নেই, বরং ভয়কেই ভয় করতে হবে।”


আল-আমিন
image_pdfimage_print

Posted on: October 19, 2025 | Author: Chandradip News24