২০২৫ সালের দীপ্ত স্টার হান্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট জিতেছেন কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ ও বরিশালের শাকিব হোসেন। প্রথম রানার্সআপ হয়েছেন যশোরের ফারিহা রহমান এবং বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী ও বরিশালের হাফিজ রহমান।
গতকাল শুক্রবার রাত ১০টায় দীপ্ত টিভিতে প্রচারিত হয় এই রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালে। টপ ৬ প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত হয় নাচ, কমেডি স্কিট ও মিউজিক ম্যাশআপ। এতে পারফর্ম করেন শিল্পী সন্ধি, সভ্যতা ও কর্নিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারক তারিক আনাম খান, শিহাব শাহীন ও রাফিয়াত রশিদ মিথিলা। এছাড়া দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, সিইও তাসনুভা আহমেদ টিনা, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, অনিমেষ আইচ, চয়নিকা চৌধুরীসহ চলচ্চিত্র ও নাট্যজগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
প্রতিযোগিতায় শুরুতে অংশ নিয়েছিলেন তিন হাজারেরও বেশি প্রতিযোগী। নানা বাছাইপর্ব পার হয়ে বিচারকমণ্ডলী চূড়ান্তভাবে বেছে নেন সেরা দশ জনকে। তাদের মধ্যে ছিলেন— শফিউল রাজ, হাফিজ রহমান, শাকিব হোসেন, শিমুল বিশ্বাস, এম এস এইচ লাবন, সানজিদা চৌধুরী, নূপুর আহসান, মিষ্টি ঘোষ, ফারিহা রহমান ও শেখ ফারিয়া হোসেন।
দুই বছরের বিশেষ চুক্তির আওতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপরা কাজের সুযোগ পাবেন সিনেমা, ওয়েব ফিল্ম, সিরিজ এবং টিভি নাটকে। প্রযোজনা ও প্রচারে থাকবে কাজী মিডিয়া লিমিটেড। সুপারস্টার হওয়ার পথে এটি তাদের জন্য বড় এক মঞ্চ।
চ্যাম্পিয়ন শাকিব হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী। ক্যামেরার পেছনে কাজ করার অভিজ্ঞতা থাকলেও অভিনয়ের প্রতি আগ্রহ ছিল কম। কিন্তু দীপ্ত স্টার হান্টের একটি পোস্ট দেখে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শাকিব বলেন, “আমি জানি আমি সেরা। স্টেজে অনেকবার উঠেছি, তাই নার্ভাস হইনি। আমি সামনে-পেছনে, দুই জায়গাতেই নিজেকে প্রমাণ করতে চাই।”
অপর বিজয়ী মিষ্টি ঘোষ ঢাকার একটি ফ্যাশন হাউসে ডিজিটাল বিপণন বিভাগে কর্মরত। একবার বাদ পড়েও বিচারকদের সিদ্ধান্তে ফিরে আসেন প্রতিযোগিতায়। সেই প্রত্যাবর্তনে সেরা পারফর্ম করেই জয় ছিনিয়ে নেন। মিষ্টি বলেন, “আশা করিনি। ফিরে আসার পর প্রচণ্ড চাপ ছিল। যখন আমার নাম ঘোষণা হলো, তখন বিশ্বাসই করতে পারিনি—আমি চ্যাম্পিয়ন!”
এই প্রতিযোগিতা যেমন নতুন প্রতিভার খোঁজ দিয়েছে, তেমনি তাদের দিয়েছে স্বপ্ন পূরণের পথ। দীপ্ত স্টার হান্ট এর মাধ্যমে উঠে আসা এই মুখগুলোই হতে পারে আগামী দিনের তারকা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /





