দাভোসে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যানের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক

Views: 38

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন। এ সময় বাংলাদেশের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং অনলাইনে ভুয়া তথ্য ছড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত হিউসগেন প্রধান উপদেষ্টাকে আসন্ন ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। তিনি এ সম্মেলনকে বৈশ্বিক নিরাপত্তা ও কূটনৈতিক সংলাপের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশ সম্পর্কিত ভুয়া খবর ও ভুল তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ইউরোপীয় উদাহরণ অনুসরণ করে বাংলাদেশে একটি আইন প্রণয়নের প্রস্তাব দেন, যা অনলাইন প্ল্যাটফর্মগুলোর বিষয়বস্তু যাচাই বাধ্যতামূলক করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ। তারা আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তা ইস্যুতে মতামত দেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Posted on: January 22, 2025 | Author: Chandradip News24