ডাকসু নির্বাচনকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি: ঢাবি ভিসি

Views: 22

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার বিকেলে ডাকসু নির্বাচন কমিশন অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ১১ মাসের দীর্ঘ প্রস্তুতি, হাজারো শিক্ষার্থীর আকাঙ্ক্ষা এবং নানা চ্যালেঞ্জ অতিক্রম করে নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী, প্রক্টরিয়াল টিম, বিএনসিসি এবং ভলান্টিয়ার টিমসহ সবাই মাঠে রয়েছে। তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ড. নিয়াজ আহমদ খান বলেন, এবারের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবি এবং গণঅভ্যুত্থানের ঐতিহ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এছাড়া এই নির্বাচন বিভিন্ন অংশীজনকে একত্রিত করেছে এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।

এবার প্রথমবারের মতো প্রায় ৪০ হাজার শিক্ষার্থী একসঙ্গে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১০টি, যেখানে অতীতে ছিল মাত্র ২০০ থেকে ২৫০টি। নির্বাচনের ফলাফল গণনার সময় তা সরাসরি ডিসপ্লেতে দেখানো হবে।

উপাচার্য প্রার্থীদের উদ্দেশে বলেন, ডাকসু নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। জিতে বা হেরে শিক্ষার্থীরা এই প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তবে কোনো প্রার্থী বা নির্বাচনী গোষ্ঠী যদি আইন ভঙ্গ করে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 8, 2025 | Author: Chandradip News24