নিম্নমানের ইট ব্যবহার করে সড়ক নির্মাণের প্রতিবাদে ঝাড়ু মিছিল করে কাজ বন্ধ করে দিলো তালতলীর সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে অভিযোগ জানালেও প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ হয়ে এবার গণবিক্ষোভে নামেন স্থানীয়রা। ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করলে নড়েচড়ে বসেছে প্রশাসন, এবং অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক নির্মাণের কার্যক্রম।
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া থেকে নয়াপাড়া পর্যন্ত প্রায় ১ হাজার ১০০ মিটার দীর্ঘ এ সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২১ লাখ ৯২ হাজার টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পেয়েছে মেসার্স এনামুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু নির্মাণ শুরুর পর থেকেই ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের ইট ও সামগ্রী।
স্থানীয়দের অভিযোগ, তারা একাধিকবার উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে বৃহস্পতিবার রাতেই এলাকাবাসী ঝাড়ু হাতে বিক্ষোভে নামেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন।
বিক্ষোভের জেরে শুক্রবার দুপুর ১২টার দিকে বরগুনা এলজিইডির সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম এবং তার টিম ঘটনাস্থলে গিয়ে নির্মাণ সামগ্রীর মান পরিদর্শন করেন। তিনি নমুনা সংগ্রহ করে ইটের গুণগত মান পরীক্ষার নির্দেশ দেন এবং উন্নতমানের সামগ্রী ব্যবহারের প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এনামুল এন্টারপ্রাইজের মালিক এনামুল বলেন, “আমি এখনো কোনো লিখিত নোটিশ পাইনি, তবে জেলা অফিস থেকে মৌখিকভাবে ইট সরিয়ে নিতে বলা হয়েছে। তাই সম্মানের খাতিরে আমরা তা করছি।”
উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, “ঠিকাদারকে লিখিতভাবে নিম্নমানের ইট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। তিনি সেটা পেয়েছেন কি না, তা নিশ্চিত না হলেও এ বিষয়ে আমাদের আন্তরিকতা রয়েছে।”
তবে সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এই তৎপরতা চলমান থাকলে প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্নীতিমূলক কার্যক্রমে লাগাম টানা সম্ভব হবে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





