চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, বামমঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটিসহ জুলাই গণঅভ্যুত্থানের সব রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করেছে।
বৈঠকে তারা জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো চান না রাজনৈতিক নেতারা। ঐকমত্য থাকলেও সময় নিয়ে সবার মতামতের ভিত্তিতে তৈরির পরামর্শ দিয়েছেন বৈঠকে অংশ নেওয়া নেতারা। তবে পাঁচ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন ছিল কি না, প্রধান উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখে বিএনপির প্রতিনিধি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বৈঠক শুরু হয়।
প্রায় দেড় ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছু আগে বৈঠক শেষ হয়। বৈঠক শেষে ৫টা ৫৫ মিনিটে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে যান। বৈঠকে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনরা উপস্থিত ছিলেন। নিজ নিজ দলের পক্ষ থেকে নানা মতের কথা তুলে ধরেছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টাও সরকারের পক্ষ থেকে তাদের বক্তব্য তুলে ধরেছেন।





