কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে অন্ধভাবে ভরসা করা কতটা বিপদজনক হতে পারে, তার ভয়াবহ উদাহরণ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা গেছে। ৬০ বছর বয়সী এক ব্যক্তি চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে চলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানান, দীর্ঘদিন সোডিয়াম ব্রোমাইড গ্রহণের ফলে তিনি মারাত্মক বিষক্রিয়ায় আক্রান্ত হন।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি খাবারে অতিরিক্ত লবণ নিয়ে চিন্তিত ছিলেন এবং এর বিকল্প খুঁজতে গিয়ে এআই-এর সাহায্য নেন। চ্যাটজিপিটি তাকে সোডিয়াম ক্লোরাইডের বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইড গ্রহণের পরামর্শ দেয়। তিন মাস ধরে তিনি এই পরামর্শ মেনে চললেও চ্যাটজিপিটি এর ক্ষতিকর দিক সম্পর্কে কোনো সতর্কবার্তা দেয়নি।
ফলে একসময় তার মধ্যে অদ্ভুত কিছু লক্ষণ দেখা দেয়—প্রচণ্ড তৃষ্ণার্ত থাকা সত্ত্বেও পানি পান করতে না পারা, হ্যালুসিনেশন এবং শারীরিক দুর্বলতা। প্রথমে চিকিৎসকরা মানসিক সমস্যার সন্দেহ করলেও পরবর্তীতে অ্যান্টি-সাইকোটিক ওষুধ ও ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়ার পর তিনি কিছুটা সুস্থ হন এবং পুরো ঘটনা জানান।
চিকিৎসকরা জানান, ব্রোমাইড বহু বছর আগে উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসায় ব্যবহৃত হলেও স্বাস্থ্যঝুঁকির কারণে ওষুধ হিসেবে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে এটি সীমিতভাবে কিছু প্রাণীর ওষুধ ও শিল্পপণ্যে ব্যবহৃত হয়।
প্রায় তিন সপ্তাহের চিকিৎসা শেষে ওই ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। চিকিৎসকরা সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শ নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে, কারণ ভুল তথ্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





