দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে প্রেমের গুঞ্জন চলছিল বহুদিন। আলোচনায় ছিল তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে নতুন সম্পর্কে জড়ানোর খবর। তবে তিনি সবসময় নীরব ছিলেন, কোনো তথ্য প্রকাশ্যে আনেননি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে একেবারে চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। শান্ত পরিবেশে, ঘনিষ্ঠ কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি নতুন জীবনে পা রাখলেন।
আগেও অভিনেত্রীর ব্যক্তিজীবন ছিল আলোচনার কেন্দ্রে। ২০১৭ সালে দক্ষিণী তারকা নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। আলোচিত সেই সম্পর্ক স্থায়ী হয়নি; বিচ্ছেদ ঘটে কয়েক বছরের মধ্যেই। পরে জানা যায়, নাগা নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে এবং তাদের বিয়েও সম্পন্ন হয়েছে। অন্যদিকে সামান্থার নাম জুড়েছিল বলিউড নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে। তবে দুজনই তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।
অবশেষে সোমবার সকালে তামিলনাডুর কোয়েম্বাটুরে লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমরু। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তারা। ছবিতে বর-কনের হাস্যোজ্জ্বল মুখ যেন নতুন জীবনের আনন্দ আর ভালোবাসারই প্রতীক।
বিয়ের পিঁড়িতে সামান্থা ছিলেন দারুণ আকর্ষণীয়—লাল বেনারসি শাড়ি, ভারী সোনার গহনা, খোঁপায় ফুলের মালা—সব মিলিয়ে জমকালো অথচ শান্ত সৌন্দর্য ছড়াচ্ছিলেন তিনি। তার হাতে চোখে পড়ার মতো ঝলমলে হিরার আংটি নজর কেড়েছে ভক্তদের। অন্যদিকে রাজ নিদিমরুকে দেখা যায় সাদা পাঞ্জাবি-পাজামা ও অফ–হোয়াইট নেহেরু কোটে, যা অনুষ্ঠানের সরলতাকে আরও বাড়িয়ে তোলে।
খুব কাছের মানুষদের নিয়েই সহজ-সরল আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সেরে ফেলেছেন তারা। আলোচনার ঝড় এড়িয়ে ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে চেয়েছেন, এটাই স্পষ্ট হয়েছে তাদের সিদ্ধান্তে। নতুন দাম্পত্য জীবন শুরু করায় ভক্তদের শুভেচ্ছায় ভরছে সামাজিক যোগাযোগমাধ্যম।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





