চরফ্যাশনে প্রধান সড়ক হকার ও যানবাহনের দখলে, চরম ভোগান্তিতে জনতা

Views: 27

ভোলার চরফ্যাশন পৌর শহরের প্রধান সড়কটি বর্তমানে হকার ও যানবাহনের দখলে পরিণত হয়েছে। সড়কের দুই পাশে অস্থায়ী দোকান, যত্রতত্র পার্কিং ও অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে দিনভর তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ, রোগী ও সাধারণ জনগণ পড়েছেন চরম দুর্ভোগে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সরেজমিনে দেখা যায়, জেলা পরিষদ মার্কেট থেকে আধুনিক হাসপাতাল পর্যন্ত রাস্তাজুড়ে অবৈধভাবে পার্ক করা হয়েছে অটোরিকশা ও সিএনজি। ফুটপাত তো বটেই, রাস্তায়ও বসানো হয়েছে অস্থায়ী দোকানপাট। কেউ ফল বিক্রি করছে, কেউ চা বা খাবারের দোকান বসিয়েছে। ফলে যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

হকাররা জানান, তারা নিম্ন আয়ের মানুষ। নির্দিষ্ট জায়গা না থাকায় জীবিকার তাগিদে তারা বাধ্য হয়ে রাস্তার পাশে ব্যবসা করছেন। তাদের দাবি, পৌরসভা যেন একটি নির্দিষ্ট হকার জোন তৈরি করে দেয়, যাতে তারা সড়কের জায়গা দখল না করে ব্যবসা চালাতে পারেন।

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, যানজটের কারণে প্রতিদিন কর্মজীবী মানুষ সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেন না, শিক্ষার্থীরাও স্কুলে দেরি করে পৌঁছায়। সবচেয়ে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালগামী অ্যাম্বুলেন্স বা প্রাইভেট গাড়ি দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় অনেক সময় রোগীর অবস্থা গুরুতর হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী আবু সিদ্দিক বলেন, “হকারদের কারণে দোকানের সামনের জায়গা দখল হয়ে যাচ্ছে। এতে ক্রেতারা দোকানে ঢুকতে পারে না, ব্যবসায় ক্ষতি হচ্ছে।”

অটোরিকশা চালক ইব্রাহিম জানান, “আমাদের জন্য নির্ধারিত পার্কিং স্পট থাকলেও যাত্রী না পাওয়ায় বাধ্য হয়ে বাজারের মধ্যে গাড়ি পার্ক করি।”

পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন ইতোপূর্বে যানজট নিরসনে অভিযান পরিচালনা করলেও বর্তমানে তা থেমে গেছে। নির্ধারিত স্থানে যানবাহন পার্ক না করা এবং হকারদের পুনরায় সড়ক দখল করায় পরিস্থিতি আবারও সংকটজনক হয়ে উঠেছে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাসনা শারমিন মিথি বলেন, “প্রধান সড়কের দুই পাশ হকার ও যানবাহনের দখলে রয়েছে। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন। যানজট নিরসনে আবারও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, হকার ও যানবাহনের জন্য নির্ধারিত স্থানে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা গেলে শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: October 23, 2025 | Author: Chandradip News24