গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের দ্বিতীয় ম্যাচেই বড় ব্যবধানে হারের মুখ দেখেছে সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স ৭ উইকেট ও ১৮ বল হাতে রেখেই জয় তুলে নেয়।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান তোলে দুবাই ক্যাপিটালস। ব্যাট হাতে এদিন হতাশ করেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৫ নম্বরে ব্যাট করতে নেমে ১০ বলে মাত্র ৭ রান করে মোহাম্মদ নবির বলে জ্যাক দোরানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। সাকিবের উইকেট পতন ঘটে দলের ৫৫ রানে।
দুবাই ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক গুলবাদিন নাইব, তিনি ২৭ বল মোকাবিলা করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে আফগান ব্যাটার সেদিকুল্লাহ আতালের ব্যাট থেকে।
১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল হোবার্ট হ্যারিকেন্স। ম্যাকঅ্যালিস্টার রাইট করেন ৪৭ বলে ৫০ রান। অধিনায়ক বেন ম্যাকডারমট খেলেন ২৪ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস। শেষদিকে জ্যাক দোরান অপরাজিত ২৩ বলে ২৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বল হাতেও এদিন সাফল্য পাননি সাকিব। বাঁহাতি এই স্পিনার ৪ ওভারে ৩৪ রান খরচ করলেও কোনো উইকেট তুলতে পারেননি।
প্রসঙ্গত, জিএসএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই সাকিবের নেতৃত্বে জয়ে শুভ সূচনা করেছিল দুবাই ক্যাপিটালস। তবে দ্বিতীয় ম্যাচে এসে তাদের পারফরম্যান্সে ছন্দপতন ঘটে।





