চন্দ্রদীপ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। তবে সেখানে হামাসের সঙ্গে পেরে উঠছে না দখলদার বাহিনী। হামাসের সামরিক শাখা আল-কাসাম বিগ্রেড জানিয়েছে যে, স্থল অভিযানের সময় গত ৭২ ঘণ্টায় ইসরায়েলি ৬০টি সামরিক যান ধ্বংস করেছে তারা।
একটি রেকর্ড করা বার্তায় আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন যে, টার্গেট করা ইসরায়েলি সামরিক যানগুলোকে ধ্বংসের জন্য গত তিন দিনে দশটি সেনাবাহী যান হামলায় অন্তর্ভুক্ত ছিল। তিনি আরও উল্লেখ করেছেন যে, গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ চলছে। খবর আনাদুলু এজেন্সির।
ইসরায়েলি মিডিয়া অনুসারে, ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ৬৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হাসপাতাল, বাসস্থান, মসজিদ এবং গির্জাসহ বিভিন্ন স্থানে অবিরাম বিমান ও স্থল আক্রমণ শুরু করেছে।
ইসরায়েলের নির্বিচারে হামলায় গাজায় সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ হাজারের বেশি শিশু এবং সাড়ে তিন হাজারের বেশি নারী।
এদিকে জানা গেছে, দীর্ঘ দেড় মাস ধরে গাজায় হামলা চালানোর পর হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয়েছে ইসরায়েল।





