মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ফ্যাসিবাদের পতনের পর এখন সুযোগ এসেছে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও মজবুত করার।”
মঙ্গলবার (২৫ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বানীতে তারেক রহমান এই বক্তব্য দেন।
তিনি জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে একটি নতুন সূর্যের উদয় ঘটায়। হাজার বছরের সংগ্রামের ফলস্বরূপ, বাংলাদেশের স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন। স্বাধীনতা দিবসে তিনি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, “আজকের দিনে আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই দিনে তাদের অবিস্মরণীয় আত্মদানেই দেশমাতৃকার মুক্তি অর্জিত হয়েছে।” তিনি বিশেষভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি আরও বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাঁর ঐতিহাসিক ঘোষণায় জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পেয়েছিল।” তবে, গণতন্ত্রবিনাশী শক্তির চক্রান্ত এখনও থেমে নেই।
তারেক রহমান দাবি করেন, একদলীয় শাসনব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে অবৈধ সরকার গণতান্ত্রিক রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ভেঙে ফেলেছে, যার ফলে দেশের মানুষ স্বাধীনতার সুফল এখনও পুরোপুরি ভোগ করতে পারেনি।
তিনি বলেন, “আজকের দিনে আমাদের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথে চলার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব সংহত করার জন্য কাজ করতে হবে। এটিই স্বাধীনতার মূল চেতনা।”
শেষে, তিনি দেশবাসীকে একত্রিত হয়ে ‘৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা বহুমত ও গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখার আহ্বান জানান। তিনি দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





